
মাগুরা সদর উপজেলার মাগুরা-ফরিদপুর মহাসড়কের রামনগর ঠাকুরবাড়ি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ (২৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মিজানুর রহমান নামে অপর মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ শেখ মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের বাকি শেখের ছেলে।
আহত মিজানুর রহমান কুষ্টিয়া জেলার কুমারখালী থানার সদরপুর গ্রামের আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান আব্দুল্লাহ শেখকে মৃত ঘোষণা করেন। আহত মিজানুর রহমান বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামনগর হাইওয়ে থানার সার্জেন্ট গৌরব জানান, একটি মোটরসাইকেল মাগুরা থেকে ওয়াবদা এলাকার দিকে যাচ্ছিল। অন্য মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে মাগুরার দিকে আসছিল। সকাল ৮টার দিকে রামনগর ঠাকুরবাড়ি এলাকায় মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল দুটি হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।