
কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপন করতে গিয়ে মাটির নিচ থেকে আগুনের কুণ্ডলী বের হয়েছে। গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে ইনানীর এলজিইডি সড়কের ছোট সেতু-সংলগ্ন এলাকায় নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উখিয়া সদর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখনো আগুন জ্বলছে। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাসের চাপ থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগুনের প্রবাহ বেশি হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, যেখানে আগুনের সৃষ্টি হয়েছে, তার পাশের বাড়িঘর থেকে লোকজন নিরাপদ স্থানে সরে গেছেন।
অন্যদিকে, আগুনের শিখা বৈদ্যুতিক খুঁটির তারে লেগে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী-পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।