
কিশোরগঞ্জে ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে ইমরান (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইমরান মারিয়া ইউনিয়নের মধ্য কাতিয়ারচর এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যাড়াভাঙ্গা এলাকার নাটবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্যাড়াভাঙ্গা এলাকার আবুল কালামের কাছে ইমরানের ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিল। ওই টাকা আনতে সোমবার সন্ধ্যার পর আবুল কালামের বাড়ির সামনে যান ইমরান। সেখানে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে আবুল কালামের পরিবারের লোকজন ইমরানকে জাপটে ধরেন। এ সময় আবুল কালাম তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ইমরানকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।