ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রায়গঞ্জে অটোভ্যানচালক হত্যা মামলায় ছোট ভাইসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে অটোভ্যানচালক হত্যা মামলায় ছোট ভাইসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকার অটোভ্যানচালক কছিম উদ্দিন (৪৮) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় আড়াই বছর পর এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহত কছিম উদ্দিনের ছোট ভাই আব্দুল মালেক (৪৫) ও তার সহযোগী কাকলী রানী (৩৬)। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আহসানুজ্জামান আলোকিত বাংলাদেশকে জানান, ২০২৪ সালের ১ জুলাই রাতে অটোভ্যানচালক কছিম উদ্দিনকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধের তথ্য উঠে আসে।

তিনি জানান, পারিবারিক বিরোধের জেরে কছিম উদ্দিনের ভাই আব্দুল মালেক অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাকে আড়াল হিসেবে ব্যবহার করে তাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, ঘটনার দিন রাতে সহযোগীদের নিয়ে নির্জন এলাকায় কছিম উদ্দিনকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে সহযোগিতা করার জন্য কাকলী রানীকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছিল।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলামের দিকনির্দেশনায় আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নিমগাছি বাজার এলাকা থেকে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার একই এলাকা থেকে কাকলী রানীকেও গ্রেপ্তার করে পুলিশ।

ওসি জানান, হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ মামলায় আরও তদন্ত এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ২,ছোট ভাই,অটোভ্যানচালক হত্যা,রায়গঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত