ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রাজস্ব ফাঁকির অভিযোগে মানিকগঞ্জে দুই ব্র্যান্ডের সিগারেট জব্দ

রাজস্ব ফাঁকির অভিযোগে মানিকগঞ্জে দুই ব্র্যান্ডের সিগারেট জব্দ

সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাজারজাতের অভিযোগে মানিকগঞ্জে ফ্ল্যাশ ও বেঙ্গল স্পেশাল ব্র্যান্ডের ১ লাখ ৬২ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাংলাদেশ হাট এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট মানিকগঞ্জ বিভাগের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ হাটের একটি গুদাম এবং খালপাধোয়া গ্রামের শহীদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর বাড়ি থেকে সিগারেটগুলো জব্দ করা হয়।

অভিযানের বিষয়টি টের পেয়ে ব্যবসায়ী শহীদুল ইসলাম ও সংশ্লিষ্ট সিগারেট কোম্পানির টেরিটরি সেলস অফিসার (টিএসও) রিফাত সটকে পড়েন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজস্ব ফাঁকি দিয়ে আনা এসব সিগারেট বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল চক্রটি। স্থানীয় একটি মহলের মদদে এই অবৈধ ব্যবসা পরিচালিত হতো বলে দাবি করেছেন এলাকাবাসী।

বাংলাদেশ হাট ও তিল্লি বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, শহীদুলের কাছ থেকে সিগারেট কেনার সময় বৈধ কাগজপত্রের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন টালবাহানা করতেন। তবে বাজারে পাঁচ টাকা দামের সিগারেটের ব্যাপক চাহিদা থাকায় তারা শহীদুলের কাছ থেকে এসব পণ্য সংগ্রহ করতেন।

এ বিষয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট মানিকগঞ্জ বিভাগের সহকারী কমিশনার সাঈদ হাসান তাহের বলেন, অভিযানে ১ লাখ ৬২ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অভিযানে রাজস্ব কর্মকর্তা এমদাদুল হক, সিদ্দিকুর রহমানসহ কাস্টমস অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সিগারেট জব্দ,দুই ব্র্যান্ড,মানিকগঞ্জ,রাজস্ব ফাঁকি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত