ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ ক্লোজড

সিরাজগঞ্জে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ ক্লোজড

যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় পুলিশের সামনে (কার্যক্রম নিষিদ্ধ) যুবলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় এএসআইসহ চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন যমুনা সেতু পশ্চিম থানার এএসআই আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর, কনস্টেবল নাসিমুজ্জামান ও কনস্টেবল মোরশেদুল ইসলাম।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার ভোরে ওই মহাসড়কে পুলিশের পিকআপ ভ্যানের সামনে (কার্যক্রম নিষিদ্ধ) যুবলীগ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, মিছিলটি যাওয়ার সময় পাশের লেন দিয়ে বিপরীত দিক থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান যাচ্ছিল। এ সময় মিছিলকারীরা উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের পিকআপ থেকে না নামার হুমকি দেন। একপর্যায়ে কোনো ব্যবস্থা না নিয়ে পুলিশ সদস্যরা নীরবে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলা ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে পিকআপে থাকা চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে তাদের রাতেই পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানান ওসি।

এদিকে, মহাসড়কে মিছিলের ঘটনার পর ওই দিন রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লার লিটন শেখ (৪৫), ইউনুস আলী নিশাত (৩৮), চক কোবদাসপাড়া মহল্লার চাঁন শেখ (৪৫) ও কোরবান আলী (৩৩)।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ অভিযান অব্যাহত রয়েছে।

৪ পুলিশ ক্লোজড,এএসআইসহ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত