ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কক্সবাজার সমুদ্রসৈকতে ‘রান ফর পিস’ সংহতি দৌড়

কক্সবাজার সমুদ্রসৈকতে ‘রান ফর পিস’ সংহতি দৌড়

সামাজিক সম্প্রীতি, শান্তি ও মর্যাদাপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে কক্সবাজার সমুদ্রসৈকতে শনিবার অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর পিস’ শীর্ষক সংহতি দৌড়। ৭ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এ দৌড়ে শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও যুব নেটওয়ার্কের সদস্যসহ বিভিন্ন বয়সের ৪০০-এর বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এমবোল্ডেন বাংলাদেশের আয়োজনে এবং একশনএইড বাংলাদেশ, সোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্ট (শেড) ও কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় এ ক্রীড়া কার্যক্রম পরিচালিত হয়।

শনিবার সকাল ৬টায় লাবণী বিচ পয়েন্ট থেকে দৌড় শুরু হয়। নির্ধারিত রুট অনুযায়ী অংশগ্রহণকারীরা লাবণী বিচ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে হলিডে মোড়, ঘুনগাছতলা ও নতুন ব্রিজ ঘুরে পুনরায় লাবণী বিচ পয়েন্টে এসে দৌড় শেষ করেন।

আয়োজকেরা জানান, বিভিন্ন পটভূমির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়াতে তরুণদের নেতৃত্বে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক বিভেদ ভুলে মানুষের মধ্যে সম্পর্ক ও পারস্পরিক আস্থা গড়ে তোলার কার্যকর মাধ্যম হিসেবে এ দৌড়ের আয়োজন করা হয়।

দৌড় শেষে সকাল সাড়ে ৭টায় লাবণী বিচ পয়েন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারী ও পুরুষ বিভাগে প্রথম তিনজন বিজয়ীকে আর্থিক পুরস্কার ও স্বীকৃতিসনদ দেওয়া হয়।

নারী বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে বিপাশা আনোয়ার, নুসরাত জাহান ও ভিওলি তুগাদে হোসেইন। পুরুষ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে আশরাফুল আলম, আলেক্স পারভেজ পলাশ ও জাকির হোসেন। পাশাপাশি উভয় বিভাগের সেরা ১০ জন দৌড়বিদকেও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারের যুগ্মসচিব মোহাম্মদ সামছু-দ্দৌজা শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার এ উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে স্বতন্ত্র ম্যারাথন বা দৌড় প্রতিযোগিতা আয়োজনের অনুরোধ জানান তিনি। পাশাপাশি সবাইকে সম্প্রীতি, শান্তি ও মর্যাদাপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।

এ সময় রান ফর পিসের চেতনা সমাজজুড়ে ইতিবাচক পরিবর্তনে অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন একশনএইড বাংলাদেশের হেড অব হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম মো. আব্দুল আলীম। শান্তি ও সামাজিক সংহতি গড়ে তুলতে সব অংশীজনকে তরুণদের ক্ষমতায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন একশনএইড বাংলাদেশের ইয়ুথ, রেজিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস টিমের লিড মো. নাজমুল আহসান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশের হেড অব ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মো. রফিকুল ইসলাম এফসিএ, শেডের উপপরিচালক আবদুল মান্নান এবং এমবোল্ডেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইনজামামুল হকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংহতি দৌড়,‘রান ফর পিস’,কক্সবাজার সমুদ্রসৈকত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত