
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসা. ইসরাত জাহান যুথি (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের নিজ বাড়ির পাশের একটি পানের বরজসংলগ্ন শুকনো ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসরাত জাহান যুথি ওই গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে। সে সুবিদখালী র. ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয় যুথি। তবে নির্ধারিত সময়ের মধ্যে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল ৪টা থেকে ৫টার দিকে তার মা সুবিদখালী বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে খোঁজ নেন। এ সময় তারা জানান, সেদিন যুথি পরীক্ষা দিতে বিদ্যালয়ে আসেনি।
পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মির্জাগঞ্জ থানায় নিখোঁজের বিষয়ে লিখিত অভিযোগ করেন।
নিহতের বাবা মো. জামাল হাওলাদার জানান, যুথি নিখোঁজ হওয়ার পর বাড়ির পাশের এক নারী প্রথমে তার জুতা খুঁজে পান। বৃহস্পতিবার সকালে ওই নারীকে সঙ্গে নিয়ে তিনি জুতা পাওয়ার স্থানটি শনাক্ত করতে যান। সেখানে খোঁজাখুঁজির একপর্যায়ে পানের বরজের পাশে একটি শুকনো ডোবার মধ্যে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।