ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম প্রায় ২ শতাংশ বেড়ে দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ডলারের দর ও ট্রেজারি বন্ডের মুনাফা কমে যাওয়ায় স্বর্ণের চাহিদা বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানি তেলের দাম কমে মূল্যস্ফীতির উদ্বেগ কিছুটা কমে আসার প্রভাব।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ১৩৪ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে। লেনদেনের একপর্যায়ে দাম ৪ হাজার ১৪৬ দশমিক ৬৩ ডলারে পৌঁছায়। গত ২২ অক্টোবরের পর এটিই সর্বোচ্চ দাম।

এদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসের সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দরও ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৪৪ দশমিক ২০ ডলারে উঠেছে।

এর আগের দিন বুধবারও বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছিল। গত ১৯ আগস্টের পর এক দিনে এটিই ছিল স্বর্ণের সবচেয়ে বড় দরবৃদ্ধি। ফলে চলতি সপ্তাহে গত শুক্রবারের এক বছরের সর্বনিম্ন দর থেকে স্বর্ণের দাম ২৫০ ডলারের বেশি বেড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় এবং এর পরবর্তী বাজার পরিস্থিতি স্বর্ণের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। নির্বাচনের ফলাফলের পর মার্কিন ডলারের দর এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফাও কমেছে।

সাধারণত ডলারের দর কমলে অন্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়। অন্যদিকে, বন্ডের মুনাফা কমে গেলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বাড়ে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণ কেনার প্রবণতা বৃদ্ধি পায়।

এ ছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলো দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় রাখবে—এমন প্রত্যাশাও কিছুটা দুর্বল হয়েছে। এসব বিষয় স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান প্রতিবেদনের দিকে। শুক্রবার দেশটির অকৃষি খাতের কর্মসংস্থানের তথ্য প্রকাশ হওয়ার কথা রয়েছে। এ তথ্য থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে ধারণা পেতে চান বিনিয়োগকারীরা।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। বৃহস্পতিবার স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ, প্লাটিনামের দাম ২ দশমিক ১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

দেশের বাজারেও আজ বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

স্বর্ণের দাম,বাড়লো,বিশ্ববাজারে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত