ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

পটিয়ায় সিএনজি পুড়ে ছাই, আহত ইউপি সদস্যসহ চারজন

পটিয়ায় সিএনজি পুড়ে ছাই, আহত ইউপি সদস্যসহ চারজন

চট্টগ্রামের পটিয়ায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর আগুনে পুড়ে গেছে একটি সিএনজি। এ ঘটনায় সিএনজিতে থাকা ইউপি সদস্য ও চালকসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইউপি সদস্য ইরিন সুলতানাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট ভবনের উত্তর পাশে বেপারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পাশের উপজেলা বোয়ালখালী থেকে একটি সিএনজি পটিয়া থানার মোড়ের দিকে যাচ্ছিল। পথে ধলঘাটের প্রীতিলতা ট্রাস্ট ভবনের পাশের বেপারিপাড়া এলাকায় পৌঁছালে বোয়ালখালীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সিএনজির গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায়।

এ সময় সিএনজির যাত্রী ইউপি সদস্য ইরিন সুলতানা দ্রুত নামতে গেলে তার এক পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ইরিন সুলতানাকে পরে চমেক হাসপাতালে পাঠানো হয়।

সিএনজিতে আগুন লাগার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সিএনজিটি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয়রা জানান, গুরুতর আহত ইরিন সুলতানা পাশের উপজেলা বোয়ালখালীর একজন ইউপি সদস্য। তিনি ব্যক্তিগত কাজে পটিয়া যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ইশতিয়াক আহমদ জানান, অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পরপরই সিএনজিতে আগুন ধরে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে সিএনজি চালক মাদকাসক্ত ছিলেন বলে তাদের ধারণা।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেষ চক্রবর্তী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিএনজির আগুন নেভানো হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত ইউপি সদস্য,সিএনজি পুড়ে ছাই,পটিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত