ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুরে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রিপন চন্দ্র বর্মন (২৬) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার বৈরাগীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

গ্রেপ্তার রিপন চন্দ্র বর্মন মিঠাপুকুর থানার কাঁঠালী মধ্যপাড়ার রাখাল চন্দ্র বর্মনের ছেলে। তিনি এ মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট ভুক্তভোগী ওই কিশোরী বাড়ির একটি ঘরে চৌকির ওপর শুয়ে মোবাইল ফোনে গান শুনছিল। এ সময় তার বাবা পাশের আরেকটি ঘরে ঘুমাচ্ছিলেন। বেলা ১১টার দিকে অভিযুক্ত রিপন গোপনে বাড়িতে প্রবেশ করে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় কিশোরীর চিৎকার শুনে তার বাবা ঘর থেকে বের হয়ে অভিযুক্তকে আটক করার চেষ্টা করেন। তবে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি ৭ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।

মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১২টা ১০ মিনিটে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুরের একটি অভিযানিক দল বৈরাগীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে রিপন চন্দ্র বর্মনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩ জানিয়েছে, হত্যা, অপহরণ, ধর্ষণ ও বলাৎকারের মতো গুরুতর অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রধান আসামি গ্রেপ্তার,কিশোরীকে ধর্ষণ,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত