ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে পারিবারিক বিরোধের জেরে হামলায় জ্যোৎস্না বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহতের ঘটনায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অপর চার আসামিকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. জহির উদ্দীন এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন রবি (৩৭), মঞ্জিল (৬৫), শহিদ (৫৫), মাহবুব (৩৫), আমিনুল (৩০), জিয়াউদ্দিন (৫৫) ও সাহাবুদ্দিন (৬০)।

খালাসপ্রাপ্তরা হলেন আবুল কালাম, সুফিয়া আক্তার, কলি আক্তার ও নুরুন্নাহার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া জাটিয়াপাড়ায় চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। প্রতিবেশী কলি আক্তারের রান্নার চুলার ধোঁয়া হাবিবুর রহমানের বসতঘরে প্রবেশ করায় তার স্ত্রী জ্যোৎস্না বেগম চুলাটি সরানোর অনুরোধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আসামিরা জ্যোৎস্না বেগমের ওপর হামলা চালান।

এ সময় তাকে লোহার রড, কাঠের বর্গা ও লাঠি দিয়ে আঘাত করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার আত্মীয় আয়শা আক্তারও হামলার শিকার হন। তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান। জ্যোৎস্না বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্বামী হাবিবুর রহমান ১১ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

৭ জনের যাবজ্জীবন,গৃহবধূ হত্যা মামলা,কিশোরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত