
আগামী ১৯ নভেম্বর চালু হচ্ছে পাবনা-ঢাকা (যমুনা সেতু হয়ে) রুটে নতুন ট্রেন সার্ভিস। উদ্বোধনী দিনে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে বিশেষ ট্রেনের টিকিট পাওয়া যাবে শুধুমাত্র পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কম্পিউটারাইজড কাউন্টারে।
ওই দিন বিকেল সাড়ে ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে উদ্বোধনী ট্রেনটি। পথে শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে।
পরদিন ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে আন্তনগর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে ১১ নভেম্বর জারি করা এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, উদ্বোধনী কার্যক্রম শেষে ঢাকায় ফেরার জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্য, পাবনা জেলার সংসদ সদস্য, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিদের জন্য একটি ডব্লিউজেসি ও দুটি ডব্লিউজেসিসি কোচের আসন সংরক্ষণ করতে হবে।
এ ছাড়া ২০ নভেম্বর ঢাকা থেকে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ট্রেন পরিচালনার মধ্য দিয়ে ৮০৮/৮০৭ নম্বরের নতুন আন্তনগর ট্রেন দুটির নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে। ট্রেন দুটিতে এসি সিট, স্নিগ্ধা ও শোভন চেয়ার শ্রেণির আসন থাকবে। মোট আসনসংখ্যা ৮১৭টি।
৮০৮ নম্বর ডাউন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ট্রেনটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।
অন্যদিকে, ৮০৭ নম্বর আপ ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, শহীদ এম মনসুর আলী, উল্লাপাড়া, বড়ালব্রিজ, চাটমোহর ও ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে। ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধ সোমবার।
বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. মেহেদী হাসান স্বাক্ষরিত নির্দেশনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এ ট্রেন সার্ভিস চালু হলে পাবনা, ঈশ্বরদীসহ আশপাশের এলাকার যাত্রীদের ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে রেল যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে।