ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, নথি জব্দ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, নথি জব্দ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় হাসপাতালের বিভিন্ন দপ্তর পরিদর্শনের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করেছেন দুদকের কর্মকর্তারা।

বুধবার দুপুরে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে সাধারণ রোগীদের দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানির শিকার হওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার ব্যয়বহুল যন্ত্রপাতি অচল অবস্থায় ফেলে রেখে সরকারি অর্থের অপচয়, হাসপাতালের ভেতরে দালালদের অবাধ দৌরাত্ম্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতায় অবহেলার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে দুদকের জেলা কার্যালয় থেকে আকস্মিক এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হাসপাতালের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা। পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, বিভিন্ন অভিযোগের সত্যতা যাচাই করতেই হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে। ওয়ার্ড মাস্টারদের সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা হয়েছে। বিশেষ করে টয়লেটসহ হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা একেবারে খারাপ নয়, মোটামুটি চলার মতো। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আরও বেশি নজর দেওয়া উচিত। অভিযানের সময় হাসপাতাল কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করেছে। এ ছাড়া প্রয়োজনীয় কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই শেষে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তী সময়ে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির জানান, দুদকের কর্মকর্তারা তাদের রুটিন কাজের অংশ হিসেবেই হাসপাতালে এসেছিলেন। তারা যেভাবে তথ্য ও সহযোগিতা চেয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ সেভাবেই সর্বাত্মক সহযোগিতা করেছে।

দুদকের এ অভিযানকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসাসেবার মান, জরুরি চিকিৎসা সরঞ্জামের কার্যকারিতা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় সচেতন মহলে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

নথি জব্দ,দুদকের অভিযান,মেডিকেল কলেজ হাসপাতাল,দিনাজপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত