
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও রেলওয়ে স্টেশন এলাকায় গভীর রাতে অভিযান চালিয়েছে প্রশাসন ও পুলিশ। এ সময় বিভিন্ন স্থান থেকে মোট ৮ শিক্ষার্থীকে আটক করে সদর থানায় নেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি.এম. খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক দম্পতিকে দেখে এগিয়ে যান প্রশাসনের কর্মকর্তারা। এ সময় কর্মকর্তারা তাদের এত রাতে কলেজ গেটের সামনে অবস্থানের কারণ জানতে চান। প্রথমে ওই ব্যক্তি আমতা আমতা করলেও পরে কোনো সদুত্তর দিতে না পেরে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।
অভিযান সূত্রে জানা গেছে, রাতের বেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে এবং নির্জন এলাকায় অকারণে ঘোরাফেরা রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ তল্লাশি চালানো হয়। অভিযানের একপর্যায়ে কলেজ গেটের সামনে থেকে কয়েকজন এবং পাশের রেলওয়ে স্টেশনের এক প্রান্ত থেকে আরও কয়েকজনসহ মোট ৮ শিক্ষার্থীকে আটক করে সদর থানায় নেওয়া হয়।
প্রশাসন ও পুলিশ সূত্রে জানানো হয়েছে, শিক্ষার্থীরা যাতে গভীর রাতে অকারণে বাইরে ঘোরাফেরা না করে এবং কোনো ধরনের অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।