
নারায়ণগঞ্জে অস্বচ্ছল, দরিদ্র ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে ৭৫ জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
এ সময় প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বাংলাদেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যা নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখলে এবং সামনে এগিয়ে নেওয়া না হলে বাংলাদেশ কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। নারীদের সব ধরনের সুযোগ-সুবিধা থেকে দূরে রাখলে বাংলাদেশ বিশ্বের একটি উন্নত দেশ ও উন্নত জাতিতে পরিণত হবে না।
তিনি বলেন, সে কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নারী জাগরণ সৃষ্টি করতে হবে এবং নারীদের সামনের দিকে এগিয়ে নিতে হবে। শিক্ষা, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের পাশাপাশি বিশেষ করে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে নারীদের আত্মকর্মসংস্থানের জন্য এ সেলাই মেশিন দেওয়া হচ্ছে। নারীরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পারলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে।
তিনি আরও বলেন, আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব, ততটুকুই দেওয়া হচ্ছে। নারীরা সেলাই মেশিনগুলো নিয়ে এর মাধ্যমে নিজেদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী প্রকৌশলী নাহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া এবং সদর থানা মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না।