
হামজা চৌধুরীর নেতৃত্বে নতুন এক বাংলাদেশকে দেখল ফুটবলপ্রেমীরা। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
চারটি গোল করেছেন চার ফুটবলার। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের গোলে দাপুটে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে বাংলাদেশ। আক্রমণের পর আক্রমণে শ্রীলঙ্কার রক্ষণকে ব্যস্ত রাখেন হামজারা। অষ্টম মিনিটেই আসে প্রথম গোল। ডান দিক থেকে হামজার ক্রসে হাত লাগিয়ে বল বিপদমুক্ত করার চেষ্টা করেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। কিন্তু বল ঠিকমতো দূরে পাঠাতে পারেননি তিনি। সামনে পেয়ে যান শমিত সোম। প্রথম প্রচেষ্টা আটকে গেলেও ফিরতি বলে দ্বিতীয়বার আর ভুল করেননি এই মিডফিল্ডার। তাঁর শটে এগিয়ে যায় বাংলাদেশ।
গোল পাওয়ার পরও আক্রমণাত্মক ফুটবল থেকে সরে আসেনি স্বাগতিকেরা। ২৫ মিনিটে ফারহানের দারুণ লং পাস থেকে বল পেয়ে গোলরক্ষকের সামনে একা হয়ে গিয়েছিলেন রাকিব হোসেন। তবে তার ব্যাকহিল চিপ লক্ষ্যভ্রষ্ট হয়। গোলের সুযোগ নষ্টের সেই আক্ষেপ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের শেষ দিকে, ৪৪ মিনিটে নিজের গোলের খাতা খোলেন হামজা। বাঁ দিক দিয়ে গতি বাড়িয়ে শ্রীলঙ্কার ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সে ঢোকেন তিনি। এরপর জোরালো শটে বল জালে পাঠিয়ে বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক।
বিরতির পর মাঠে ফিরে বাংলাদেশের আক্রমণের ধার আরও বেড়ে যায়। ৫৩ মিনিটে আসে ম্যাচের অন্যতম সেরা গোলটি। শমিতের কাছ থেকে বক্সের বাইরে বল পেয়ে বাঁ দিক দিয়ে এগিয়ে যান ফারহান আলী ওয়াহিদ। এরপর অসাধারণ ড্রিবলিংয়ে একের পর এক শ্রীলঙ্কার চার ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সে ঢোকেন তরুণ এই উইঙ্গার। সামনে তখন গোলরক্ষক, কিন্তু ফারহানের লক্ষ্যভেদ ঠেকানোর উপায় ছিল না। বল জালে জড়াতেই সতীর্থদের উল্লাসে ভেসে যান তিনি। ফারহানের এমন নৈপুণ্যে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলেন সামনে থাকা হামজাও।
তিন গোলের ব্যবধানে এগিয়ে যাওয়ার পর সেমিফাইনালের কথা মাথায় রেখে একাধিক বদলি আনেন কোচ টমাস ডুলি। মাঠে নামেন শুকি ইতোফুসা, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ হৃদয়, রহমত মিয়া ও অভিজ্ঞ জামাল ভূঁইয়া। তবে আক্রমণে গোলের ক্ষুধা কমেনি বাংলাদেশের। ম্যাচের ৮৭ মিনিটে শেষ গোলটি করেন রাকিব হোসেন। বক্সের বাইরে বল পেয়ে গতি ও দক্ষতায় এক ডিফেন্ডারকে পেছনে ফেলেন তিনি। এরপর গোলরক্ষক সুজন পেরেরাকে সামনে পেয়ে নিখুঁত চিপে বল জালে পাঠান। তাতেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চার গোলের জয় নিশ্চিত হয়।
আবা/এসআর/২৬