
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলে এর প্রতিবাদে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন ছাত্রদল।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাউলী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এবং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিকের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ডুগডুগী বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তারা জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
একই সঙ্গে দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী শাকিল হোসেন, দেলোয়ার, রকি, সিজান, আশরাফুল, ছোটন, সুইট, আশিক, রহমত, কালাম, নূর আলী, অনিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।