
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এসময় প্রাণ হারিয়েছেন অপর একজন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের ব্যস্ত এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে বলে জানা গেছে।
পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, সন্দেহভাজন ব্যক্তি একজন শ্বেতাঙ্গ পুরুষ। হামলার পর তিনি কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনে গিয়ে নিজেকে অবরুদ্ধ করেন। পুলিশ ফোনে তার সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের জন্য আলোচনা করছিল। এ সময় কর্মকর্তারা গুলির শব্দ শুনতে পান।
পরে কক্ষে প্রবেশ করে পুলিশ দেখতে পায়, ওই ব্যক্তি নিজেকেই গুলি করেছেন। পুলিশ তাকে আটক করেছে বলে জানান ক্যারল।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে ওয়াশিংটনের ১৫ স্ট্রিট নর্থওয়েস্ট ও পি স্ট্রিটের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। বাংলাদেশ সময় তখন সন্ধ্যা ৭টা ২৩ মিনিট।
ঘটনাস্থলে থাকা আল জাজিরার প্রতিবেদক জানান, হামলার পর এফবিআই ও সিক্রেট সার্ভিসসহ স্থানীয় ও কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, ঘটনার সময় তিনি ওই এলাকার একটি জিমে ছিলেন। সেখানে প্রায় ৫০ জন মানুষ উপস্থিত ছিলেন।
স্পেলম্যান বলেন, গুলির শব্দ শোনার কয়েক সেকেন্ডের মধ্যেই একজনকে মাটিতে পড়ে যেতে দেখেন তিনি। তার শরীর থেকে রক্ত বের হচ্ছিল। জিমের আরেক সদস্য তাকে সাহায্য করতে এগিয়ে যান। তবে গুলিবিদ্ধ ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
সূত্র: আল-জাজিরা
আবা/এসআর/২৬