
দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঠুটিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৬ জন সুফলভোগী নারীর মাঝে বিনামূল্যে ৫২টি ছাগল বিতরণ করা হয়েছে।
শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা অন্বেষণের আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-ঢাকার অর্থায়নে ছাগল পালন কর্মসূচির আওতায় এ ছাগল বিতরণ করা হয়। নারীর ক্ষমতায়ন ও স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক নারীকে দুটি করে ছাগল দেওয়া হয়।
অন্বেষণ সংস্থার নির্বাহী পরিচালক শিপ্রা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম।
এ সময় তিনি বলেন, সরকার নারীদের সুরক্ষা, অর্থনৈতিক মুক্তি ও স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে ২৬ জন সুফলভোগী নারীর মাঝে দুটি করে মোট ৫২টি ছাগল বিতরণ করছে। দুটি ছাগল যত্নসহকারে পালন করে আগামীতে যেন ১০টি ছাগল করা যায়, সেভাবে পরিচর্যা করতে হবে। এর মাধ্যমেই নারীদের অর্থনৈতিক মুক্তি আসবে এবং ক্ষমতায়ন বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ভবতোষ রায় ও স্থানীয় সমাজসেবক মনোতোষ রায়।
সভাপতির বক্তব্যে অন্বেষণ সংস্থার নির্বাহী পরিচালক শিপ্রা মজুমদার বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে তৃণমূল পর্যায়ের অসহায় ও হতদরিদ্র নারীদের স্বনির্ভর করতে বিনামূল্যে ছাগল বিতরণ করা হচ্ছে। তিনি সুফলভোগীদের ছাগলগুলো যত্নসহকারে পালন করার আহ্বান জানান।
এদিকে, সুফলভোগী ২৬ জন নারীকে ছাগল পালন ও ছাগলের স্বাস্থ্য পরীক্ষা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেন দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) মো. রবিউল আলম।