
রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
নিহত দু’জন হলো, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)। এ তথ্য নিশ্চিত করেছেন, তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে তার বাড়িতে ফিরছিলেন মুকুল ও শাকিব। একই এলাকার ছয়জন ওই বাসের যাত্রী ছিলেন। পথে তাদের সঙ্গে স্টাফদের বাকবিতণ্ডা হয়। তারাগঞ্জে পৌঁছালে আতিক নামের একজনকে বাসে আটকে রেখে অন্যদের নামিয়ে দেয়। পরে আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব আবার বাসে উঠলে তাদের সঙ্গে বাসের লোকজনের তর্ক বাধে। একপর্যায়ে তাদের ধস্তাধস্তি হয়। এসময় বাসের স্টাফ লাথি মেরে মুকুল ও শাকিবকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। ঘটনাস্থলেই মুকুলের মৃত্যু হয় ও শাকিবকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘষণা করেন।
এদিকে ওই বাসে আটকে থাকা আতিকের চিৎকার শুনে একটি মাইক্রোবাসে থাকা যাত্রীরা চিকলী এলাকায় বাসটি আটকিয়ে পুলিশে খবর দেয়। পরে বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ।
উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে। রংপুর হাইওয়ে পুলিশ সুপার মো: রুহুল আমিন জানান, এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি করা হয়েছে। একইসাথে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।