
‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় নগরী রংপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবসটি উপলক্ষে রংপুর ডায়াবেটিক সমিতি নানা কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮টায় বিনামূল্যে ডায়াবেটিস মেডিকেল ক্যাম্পের উদ্বোধন, সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র্যালি এবং সকাল ১০টায় আলোচনা সভা।
সমিতির সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুর রউফ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম।
স্বাস্থ্য সচেতনতা ও ডায়াবেটিস রোগ বিষয়ে প্রধান আলোচক ছিলেন রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবীর পলাশ।
আলোচনা শেষে উপস্থিত রোগীদের কয়েকজন ডায়াবেটিস প্রতিরোধ ও রোগসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. জাহাঙ্গীর কবীর পলাশ তাদের প্রশ্নের উত্তর দেন।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মনজুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীরসহ সমিতির আজীবন ও বার্ষিক সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, দুটি মেডিকেল কলেজের নার্সিং শিক্ষার্থী, গার্ল গাইড, বিভিন্ন বণিক সমিতির সদস্য এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রায় ৭০০ জনের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।