
সিরাজগঞ্জে যমুনা নদীর তীরবর্তী ৫টি উপজেলার চরাঞ্চলে চীনা বাদামসহ বিভিন্ন জাতের বাদাম চাষ শুরু করেছে কৃষকেরা। এ লাভজনক বাদাম চাষাবাদে চরাঞ্চলের কৃষকেরা ঝুকে পড়েছে। ইতিমধ্যেই আগাম জাতের প্রায় ২ হাজার হেক্টর জমিতে বাদাম চাষাবাদ করা হয়েছে। এবার এ চাষাবাদে বাম্পার ফলনের আশা করছে কৃষকেরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার মধ্যে যমুনার তীরবর্তী শাহজাদপুর, বেলকুচি, চৌহালী, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে এবার ৫ হাজার ৯’শ হেক্টর জমিতে এ চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে এ চাষাবাদ করবে কৃষকেরা। এছাড়া এ জেলার অপর ৪টি উপজেলার ফুলজোড়, করতোয়া, বড়াল, ইছামতি নদীর চরাঞ্চলসহ বালি মাটিতেও বাদাম চাষ করছে। ইতিমধ্যেই যমুনা নদীর তীরবর্তী ওই ৫ টি উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে আগাম জাতের বাদাম চাষ করা হয়েছে এবং চরাঞ্চলের অনেক স্থানে বাদাম ক্ষেতের সমারোহ সৃষ্টি হচ্ছে। এদিকে চরাঞ্চলে বাদাম চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহ বাড়াতে সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিভাগ থেকে বিনামূল্য চীনা বাদামের বীজ ও সার বিতরণ করা হয়েছে এবং ওই ৫ টি উপজেলার ২ হাজার ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১০ কেজি করে বাদামের বীজ ও ১৫ কেজি করে সার বিতরণ করা হয়।
এসব বাদামের বীজের মধ্যে রয়েছে বিনা-৪, বাড়ি-৯ এবং কৃষকেরা দেশি জাতের বাদাম চাষাবাদও করছে। স্থানীয় কৃষকেরা বলেছেন, প্রতি বছরের ন্যায় এবারো সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিভাগ থেকে এ চাষাবাদে বিনামূল্য সার ও বীজ দিয়েছে এবং সেইসাথে কৃষকের এ চাষাবাদে পরামর্শ দেয়া হচ্ছে। খরচ কম বেশি লাভে বাদাম চাষে কৃষকেরা ঝুকে পড়েছে। অনেক কৃষক জমি লিজ ও বর্গা নিয়ে এ চাষাবাদ করছে। তবে কাজিপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে বাদাম চাষ বেশি হয়ে থাকে। বিশেষ করে কাজিপুর উপজেলার নাটোয়ারপাড়া, তেকানি, নিশ্চিন্তপুর, চরগিরিশ চরে সবচেয়ে বেশি বাদাম চাষ হয়। এবার এ চাষাবাদে বাম্পার ফলন হবে বলে আশা করা যাচ্ছে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক রেজাউল হক আলোকিত বাংলাদেশকে বলেন, চরাঞ্চলে এ বাদাম চাষাবাদে উৎসাহিত করার জন্য কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ বিতরণ করা হয়েছে এবং কৃষকদের এ চাষে পরামর্শ দেয়া হচ্ছে এবং চলতি মাসের শেষ দিকে এ বাদাম বোপন কাজ শেষ হবে। তবে আগাম জাতের প্রায় ২ হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে এবং চরাঞ্চলের অনেক স্থানে বাদাম চাষে সমারোহ সৃষ্টি হচ্ছে। আবহাওয়া অনুক’লে থাকলে এবার এ চাষাবাদে বাম্পার ফলনের আশা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।