
আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটে প্রধানমন্ত্রীর গণসমাবেশ থেকে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত অনুমোদন, অর্থায়নের নিশ্চয়তা এবং সময়বদ্ধ বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর ইসলামবাগে স্কাইলন হোটেল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম হক্কানী এ দাবি জানান।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ছয় দফা দাবি তুলে ধরে লিখিত বক্তব্যে নজরুল ইসলাম হক্কানী বলেন, ২০১৫ সাল থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছে সংগঠনটি। ২০২৫ সালে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা অববাহিকার পাঁচ জেলার মানুষের অংশগ্রহণে যে অভূতপূর্ব গণআন্দোলন গড়ে উঠেছিল, তা ছিল নদী ও জনপদ রক্ষায় উত্তরাঞ্চলের মানুষের ঐক্যবদ্ধ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।
ওই আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদও ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন।
তিনি আরও বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের পানিসম্পদ উপদেষ্টা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত প্রকল্পটি বাস্তবায়নের পরিবর্তে অনিশ্চয়তায় পড়ে থাকে। তখনই সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বলা হয়েছিল, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের আন্তরিকতা ও রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এ মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—তিস্তা মহাপরিকল্পনা দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন এবং প্রকল্পের ব্যয়, পর্যায়ভিত্তিক কর্মপরিকল্পনা ও ২০২৭ সালে প্রথম পর্যায়ের কাজ শুরুর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা।
এ ছাড়া জাতীয় বাজেট ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) পৃথক বরাদ্দসহ নিজস্ব অর্থায়নে পর্যায়ক্রমে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ; নদী বিশেষজ্ঞ, প্রকৌশলী, কৃষিবিদ, পরিবেশবিদ ও আন্দোলনরত সংগঠনগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে দক্ষ, কার্যকর ও জবাবদিহিমূলক তিস্তা কর্তৃপক্ষ গঠন এবং যোগ্য প্রকল্প পরিচালক নিয়োগের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাদেকুল ইসলাম, বখতিয়ার হোসেন শিশির, অধ্যক্ষ মোহাম্মদ আলী, আব্দুর নুর দুলাল, মাহমুদুল আলম, আব্দুর রাজ্জাক, মশিয়ার রহমান প্রমুখ।