
সিরাজগঞ্জে শীতকালীন বিভিন্ন সবজির বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। ইতোমধ্যে এসব সবজি জেলার বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে। বাজারে দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। বিশেষ করে শীতকালীন সবজি চাষের মাধ্যমে স্বচ্ছলতা ফিরছে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে শীতকালীন সবজি চাষের জন্য সাড়ে ৮ হাজার হেক্টর জমির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এরই মধ্যে কৃষকেরা প্রায় ৭ হাজার হেক্টর জমিতে সবজি চাষ করেছেন। তবে কামারখন্দ, উল্লাপাড়া, রায়গঞ্জ, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব সবজির চাষ বেশি হয়েছে। এ ছাড়া যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলেও সবজি চাষ করছেন কৃষকেরা।
প্রতি বছরের মতো এবারও যমুনার তীরবর্তী শাহজাদপুর, বেলকুচি, চৌহালী, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে আগাম শীতকালীন সবজি চাষ করেছেন কৃষকেরা। আগাম সবজি চাষ করেও তারা লাভবান হচ্ছেন।
শীতকালীন এসব সবজির মধ্যে উল্লেখযোগ্য হলো ফুলকপি, বাঁধাকপি, লাউ, কুমড়া, মিষ্টিকুমড়া, মুলা, গাজর, টমেটো, ডাঁটা, শিম, পালংশাকসহ বিভিন্ন ধরনের শাকসবজি। এ ছাড়া গ্রামাঞ্চলের অনেক গৃহবধূ বাড়ির আঙিনা ও পুকুরপাড়ে এসব সবজির বাগান করছেন।
এদিকে, এ অঞ্চলে শীতের আমেজ তেমন শুরু না হলেও কৃষকেরা আগাম সবজি চাষ শুরু করেছেন। বিশেষ করে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা জমি লিজ ও বর্গা নিয়ে সবজি চাষে ঝুঁকছেন। ইতোমধ্যে এসব সবজি হাট-বাজারে উঠতে শুরু করেছে। বাজারে শীতকালীন সবজির চাহিদাও বাড়ছে। ফুলকপিসহ বিভিন্ন সবজির চাহিদা ও দাম ভালো থাকায় খুশি কৃষকেরা।
স্থানীয় কৃষকেরা জানান, খরচ কম ও লাভ বেশি হওয়ায় ফুলকপিসহ বিভিন্ন শীতকালীন সবজি চাষে তাদের আগ্রহ বাড়ছে। এ চাষাবাদে কৃষি বিভাগও কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। ধান কাটার পরও এসব সবজির চাষ করা হবে।
বর্তমানে জেলার বিভিন্ন হাট-বাজারে প্রতি কেজি ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা এবং প্রতিটি লাউ ও কুমড়া ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপির ডাঁটা, পালংশাকসহ বিভিন্ন শাকের দাম ও চাহিদাও বাড়ছে।
এ বিষয়ে কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক জেরিন আহম্মেদ আলোকিত বাংলাদেশকে বলেন, এবার কৃষকেরা শীতকালীন ফুলকপিসহ বিভিন্ন সবজি চাষ করছেন। আগাম শীতকালীন সবজি চাষ করেও কৃষকেরা লাভবান হচ্ছেন। শীতকালীন এসব সবজি চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এ চাষাবাদে বাম্পার ফলনের আশা করা হচ্ছে। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা লাভবান হচ্ছেন। বাজারে দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে বলেও তিনি উল্লেখ করেন।