ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে কাশেম সরদার নামে এক সাইকেল ও ভ্যানের যন্ত্রাংশ ব্যবসায়ীকে দোকান থেকে হ্যান্ডকাফ পরিয়ে অপহরণের ঘটনা ঘটেছে। পরে পরিবারের কাছে ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে এক পুলিশ কনস্টেবলসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, পুলিশি ভেস্ট, মোটরসাইকেল এবং মুক্তিপণের ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

গত ১৫ নভেম্বর তাদের আটক করা হয়। সোমবার (১৬ নভেম্বর) সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন পুলিশ কনস্টেবল মো. সোহেল আহম্মেদ। তিনি যশোরের কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। অপরজন মতিউর হোসেন মোরসালিন। তিনি তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে। বর্তমানে তিনি খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন।

অপহৃত ব্যবসায়ী কাশেম সরদার তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া বাজারে তার যন্ত্রাংশের দোকান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৫ নভেম্বর) দুপুরে ব্যবসায়ী কাশেম সরদার নিজ দোকানে কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত দুজন নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে দোকানে প্রবেশ করেন। কিছু বুঝে ওঠার আগেই তারা কাশেমের হাতে হ্যান্ডকাফ পরিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এর কিছুক্ষণ পর তার স্ত্রীর মোবাইল ফোনে কল করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়।

স্বামীকে অপহরণের ঘটনায় ঘাবড়ে না গিয়ে সাহসিকতার পরিচয় দেন কাশেম সরদারের স্ত্রী। তিনি দ্রুত তালা থানায় গিয়ে পুরো ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পরপরই অভিযানে নামে তালা থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের অবস্থান শনাক্ত করা হয়। একপর্যায়ে খুলনার ডুমুরিয়া থানার চুকনগর এলাকায় তাদের অবস্থান নিশ্চিত হয়। পরে তালা ও ডুমুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে চুকনগর থেকে অপহৃত ব্যবসায়ী কাশেম সরদারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করে। ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় চুকনগর থেকে মূল অভিযুক্তদের আটক এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত পুলিশি সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল পদে থেকে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তার ২,পুলিশ কনস্টেবল,ব্যবসায়ী অপহরণ,ডিবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত