
রংপুর বিভাগের আট জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে চিহ্নিত ২৩ জনকে গ্রেপ্তার করেছে রংপুর রেঞ্জ পুলিশ।
সোমবার দুপুরে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মিডিয়া সেল সংবাদমাধ্যমকে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ও এর সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও সহযোগীদের আইনের আওতায় আনতে রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের সার্বিক নির্দেশনায় রেঞ্জের আট জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের আট জেলার বিভিন্ন থানা-পুলিশের অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে চিহ্নিত মোট ২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলো—রংপুরে ৬ জন, গাইবান্ধায় ১ জন, কুড়িগ্রামে ৩ জন, লালমনিরহাটে ৪ জন, নীলফামারীতে ৪ জন, দিনাজপুরে ৪ জন, ঠাকুরগাঁওয়ে কেউ গ্রেপ্তার হয়নি এবং পঞ্চগড়ে ১ জন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রহেদুল ইসলাম ওরফে চাঁন মিয়া (৬০), মো. তারিকুজ্জামান তমজিদ (৪২), নাহিদ হাসান নিলয় (২৩), মো. আশাদুজ্জামান ওরফে আশা (২৮), মো. বুলবুল মিয়া (৪২), মো. সফিকুল (৫০), মো. সাগর মিয়া (২৪), মাহাবুর ইসলাম (১৯), মো. আলমগীর হোসেন (৪৩), মো. কবির হোসেন (৪৮), মো. নুরুন্নবী ইসলাম নুর (৩০), মো. মনিরুল ইসলাম (৪২), মো. শাহা আলম (৪৮), মো. ইব্রাহিম মিয়া (৬৫), মো. সহিদুল ইসাম (২৮), মো. আব্দুল হাই (৬০), মো. আব্দুল কাদের (৪২), মানিক চন্দ্র রায় (৪০), মো. আঃ বাতেন (৪৬), মো. হামিদুল ইসলাম (৫০), মো. জহুরুল ইসলাম (৫০), মো. জুয়েল বাবু (৪০) ও মো. শাহ আলম (২৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় এক বা একাধিক মামলা রয়েছে।
রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের নেতৃত্বে রংপুর রেঞ্জ পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রোধ এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে রংপুর রেঞ্জ পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।