ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

নীলফামারীতে প্রকৌশলীর চোখের নিচে ঘুষি, ঠিকাদারদের প্রতিবাদ

নীলফামারীতে প্রকৌশলীর চোখের নিচে ঘুষি, ঠিকাদারদের প্রতিবাদ

নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলামের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা। এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের পিটিআই মোড় এলাকায় অবস্থিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে নির্বাহী প্রকৌশলীর কক্ষে প্রবেশ করে তার ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে শহরের শাহীপাড়ার ঠিকাদার মিঠু শেখের বিরুদ্ধে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ঠিকাদার মোক্তার হোসেন, প্রবীর গুহ রিন্টু, হাসান ইমাম লিটনসহ অন্যান্য ঠিকাদার বক্তব্য দেন। এ সময় বক্তারা অভিযুক্ত ঠিকাদারকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে বক্তারা জানান, মেসার্স মৌরী ট্রেডার্সের স্বত্বাধিকারী মিঠু শেখ ডিমলা উপজেলার বালাপাড়া উচ্চবিদ্যালয়ের ভবন নির্মাণকাজে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসএস এন্টারপ্রাইজের অধীনে সাব-ঠিকাদার হিসেবে কাজ করছেন। নির্মাণকাজ এখনো চলমান থাকলেও কাজ সম্পন্ন না করেই তিনি সম্পূর্ণ বিল দাবি করেন। এ নিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তারা।

আহত নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম জানান, বুধবার সকালে মিঠু শেখ তার কার্যালয়ে এসে অসমাপ্ত নির্মাণকাজের বিপরীতে চূড়ান্ত বিল দাবি করেন। সরকারি নিয়ম অনুযায়ী, কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত বিল দেওয়া সম্ভব নয় বলে তাকে জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি হুমকি দেন এবং একপর্যায়ে নির্বাহী প্রকৌশলীর বাম চোখের নিচে সজোরে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এরপর তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

এ ঘটনায় নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান নির্বাহী প্রকৌশলী।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঠিকাদারদের প্রতিবাদ,চোখের নিচে ঘুষি,প্রকৌশলী,নীলফামারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত