ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

কক্সবাজার বিচ কার্নিভাল ঘিরে গাছ কাটার অভিযোগ, সত্যতা মেলেনি

কক্সবাজার বিচ কার্নিভাল ঘিরে গাছ কাটার অভিযোগ, সত্যতা মেলেনি

সামাজিক যোগাযোগমাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস করে পর্যটন কার্নিভালের আয়োজন করা হচ্ছে—এমন প্রচারণার সত্যতা যাচাইয়ে কার্নিভালস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনে কার্নিভালের জন্য গাছ কাটার কোনো প্রমাণ পাননি তারা।

বুধবার (১৮ নভেম্বর) কক্সবাজার জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, সিভিল এভিয়েশন, জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের একটি দল পর্যটন কার্নিভালের স্থান ও এর আশপাশ ঘুরে দেখেন।

এ সময় সিভিল এভিয়েশনের এরোড্রাম কর্মকর্তা শিমুল গনী বলেন, বিমান ওঠানামার সুবিধার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গাছের ওপরের ও অতিরিক্ত অংশ ছাঁটাই করা হয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই কাজ কার্নিভাল আয়োজনের অনেক আগেই করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান বলেন, পরিদর্শনকালে কার্নিভালের জন্য গাছ কাটার যে অভিযোগ উঠেছে, তার সত্যতা পাওয়া যায়নি। ঘটনাস্থলে দেখা গেছে, সেখানে যেসব কাটা গাছ রয়েছে, সেগুলো বিমান চলাচলের সুবিধার্থে আগেই কাটা হয়েছিল। এটি নিয়মিত কাজের অংশ। এসব গাছ বন বিভাগের হিসাবেও সংরক্ষিত রয়েছে। পর্যটন কার্নিভালের কারণে সেখানে কোনো গাছ কাটা হয়নি। যেভাবে গাছ কাটার বিষয়টি প্রচার করা হচ্ছে, তার বাস্তবতা ঘটনাস্থলে নেই।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনের হাব হিসেবে গড়ে তুলতে কক্সবাজারকে ঢেলে সাজাতে সরকার কাজ করছে। পর্যটন কার্নিভাল সুন্দরভাবে আয়োজনের জন্য ইতিমধ্যে সভা হয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের অন্যতম জায়গা হয়ে উঠবে এই কার্নিভাল।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুহুল আমিন খান জানান, পর্যটন করপোরেশন নিজেদের জায়গায় তিন মাসব্যাপী পর্যটন কার্নিভালের আয়োজন করেছে। আয়োজকরা পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করেননি এবং পরিবেশের কোনো ক্ষতি করেননি।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান বলেন, কার্নিভালের জন্য কোনো গাছ কাটা হয়নি। ঝড়ে কিছু গাছ উপড়ে পড়েছিল। সেগুলো বন বিভাগ কেটে সংরক্ষণ করে বিক্রি করেছে এবং বিক্রির অর্থ রাজস্ব কোষাগারে জমা দিয়েছে। ওই গাছগুলোর গুঁড়ি এখনো সেখানে রয়েছে। পাশাপাশি বিমান চলাচলের সুবিধার্থে গাছের ওপরের কিছু অংশ সিভিল এভিয়েশন ছাঁটাই করেছে, যা বন বিভাগ অবগত রয়েছে। মূলত কার্নিভালের জন্য সেখানে কোনো গাছ কাটা হয়নি।

পরিদর্শন শেষে পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক এহেছান কবির বলেন, কার্নিভালের জন্য গাছ কাটার প্রশ্নই আসে না। পুরোনো কিছু গাছের গুঁড়ি দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাছ কাটার প্রচারণা চালানো হচ্ছে, যা সত্য নয়। কার্নিভালের জন্য গাছ কাটা হয়নি এবং ভবিষ্যতেও কাটা হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে জলপরীর একটি এআই ছবি ছড়ানোর বিষয়ে তিনি বলেন, কার্নিভালে জলপরীর কোনো ভাস্কর্য নেই। অথচ অনেকে সেখানে জলপরীর ভাস্কর্য রয়েছে বলে অপপ্রচার চালাচ্ছেন। এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামীম আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) কাজী তারিকুর রহমান, পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক এহেছানুল কবির, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সত্যতা মেলেনি,গাছ কাটার অভিযোগ,বিচ কার্নিভাল,কক্সবাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত