
সিরাজগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি শক্তিশালীকরণে যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের সময় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের কার্যকর ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইদি রহমান প্রমুখ।
বক্তারা বলেন, কর্মপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কৃষি খাতকে গুরুত্ব দিতে হবে। সৌরবিদ্যুতের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা যেতে পারে। দুর্যোগের সময় নারীরা সব সময় বেশি ঝুঁকিতে থাকেন। এ কারণে দুর্যোগবিষয়ক পরিকল্পনায় তাদের অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
সভায় সার্বিকভাবে সহায়তা করে এমএমএসের ইডিআরসি প্রকল্প। প্রকল্পের সমন্বয়কারী মিজানুর রহমান ইডিআরসি প্রকল্প ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বাস্তবায়িত কার্যক্রমের অর্জন এবং পরবর্তী বছরের পরিকল্পনা উপস্থাপন করেন। উপস্থাপনা শেষে অংশগ্রহণকারীদের মতামত, পরামর্শ ও সুপারিশ গ্রহণ করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আঃ বাছেদ। সমাপনী বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো হলো—দুর্যোগ সম্পর্কে জানা, দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণ, অর্থায়ন ও সক্ষমতা বৃদ্ধি। এ চারটি বিষয় নিশ্চিত করা গেলে দুর্যোগ মোকাবিলা সহজ হবে।
সভায় উল্লেখ করা হয়, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (KOICA) অর্থায়নে এবং অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় মানব মুক্তি সংস্থা (এমএমএস) বেলকুচি উপজেলার দুর্যোগপ্রবণ তিনটি ইউনিয়নে ইডিআরসি প্রকল্প বাস্তবায়ন করছে।