
গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে মাটির তৈরি নানা ধরনের তৈজসপত্র তৈরি করছেন মৃৎশিল্পীরা। নকশা করা হরেক রকমের এসব তৈজসপত্রের চাহিদা বাড়ছে। বাড়তি চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একসময় সারা দেশের মতো সিরাজগঞ্জেও মৃৎশিল্পীরা মাটির বিভিন্ন ধরনের তৈজসপত্র তৈরি করতেন। হিন্দু সম্প্রদায়ের পালবাড়িতে পাকপাতিলসহ নানা ধরনের তৈজসপত্র তৈরি করা হতো। পরে এসব পণ্য গ্রামগঞ্জে ফেরি করে টাকা ও ধানের বিনিময়ে বিক্রি করা হতো।
প্রায় তিন যুগ আগে থেকে মৃৎশিল্পীদের তৈরি এসব তৈজসপত্রের চাহিদা কমতে শুরু করে। এমনকি গ্রামাঞ্চলের পালবাড়িগুলোতে এসব তৈজসপত্র তৈরি প্রায় বন্ধ হয়ে যায়। অভিজ্ঞ ব্যক্তিদের মতে, দেশের উন্নয়ন ও আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক, স্টিল ও সিরামিক পণ্যের ব্যবহার বেড়ে যাওয়ায় মাটির টব, হাঁড়ি-পাতিল, দইয়ের বাটি, কাদা ও কলসিসহ বিভিন্ন ধরনের তৈজসপত্রের ব্যবহার কমে যায়।
তবে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে কয়েক বছর ধরে মৃৎশিল্পীরা আবারও হরেক রকমের নকশায় এসব তৈজসপত্র তৈরি করছেন। বাজারে চাহিদা বাড়ায় রাতদিন কাজ করে সময় পার করছেন তারা। জেলার কামারখন্দ, উল্লাপাড়া, সলঙ্গা, রায়গঞ্জ, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব তৈজসপত্র বেশি তৈরি হচ্ছে।
স্থানীয় মৃৎশিল্পীরা জানান, প্রথমে উপযুক্ত মাটি সংগ্রহ ও প্রস্তুত করতে হয়। এরপর নিপুণ হাতে নির্দিষ্ট নকশা দিয়ে রোদে শুকানো হয়। সবশেষে আগুনের কুণ্ডে পুড়িয়ে এগুলো ব্যবহার উপযোগী করা হয়। এ কাজে আর্থিক সামর্থ্যের পাশাপাশি বিশেষ দক্ষতার প্রয়োজন হয়।
তারা আরও জানান, প্লাস্টিক, স্টিল ও সিরামিক পণ্যের প্রসারের কারণে মৃৎশিল্পের বাজার সংকুচিত হয়েছে। তবে নানা জটিলতা সত্ত্বেও তারা এ পেশা আঁকড়ে ধরে রেখেছেন। এ পেশার আয় দিয়ে নিজেদের ও কারিগরদের সংসার চলছে। মাটির তৈজসপত্রের চাহিদা আরও বাড়লে সেকালের ঐতিহ্য ফিরে আসবে বলে আশা তাদের।
এ বিষয়ে বিশিষ্টজনেরা বলেন, আধুনিক পণ্যের ভিড়ে মাটির তৈজসপত্রের চাহিদা তুলনামূলক কম থাকলেও বিভিন্ন স্থানে তা ক্রমাগত বাড়ছে। নকশা করা এসব তৈজসপত্র দিয়ে ঘর সাজানো হচ্ছে। গ্রামীণ ঐতিহ্যবাহী এ শিল্প টিকিয়ে রাখতে আর্থিক সহযোগিতা প্রয়োজন। এ জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা।