
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬ একর জমির মালিকানা নিয়ে ব্যক্তি ও রেলওয়ের মধ্যে বিরোধের কারণে দীর্ঘ সাত বছরেও দুধকুমার নদের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের কাজ শুরু করা সম্ভব হয়নি।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন।
জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের অধীনে ২০১৯ সালে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা চুক্তিমূল্যের সেতু ও সংযোগ সড়কের কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা থাকলেও ২০২৬ সালে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সেতুটির নির্মাণকাজ শেষ পর্যায়ে থাকলেও ভূমি জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জানা যায়, নির্মাণাধীন সেতুর পূর্ব প্রান্তে প্রায় ৬ একর জমিকে স্থানীয়রা তাঁদের ব্যক্তিমালিকানাধীন জমি বলে দাবি করে আসছেন। অপরদিকে, বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় দপ্তর ওই জমি রেলওয়ের মালিকানাধীন দাবি করে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি পত্র পাঠিয়েছে। একই জমির মালিকানা ব্যক্তি ও রেলওয়ে উভয় পক্ষ দাবি করায় আটকে গেছে জমি অধিগ্রহণ প্রক্রিয়া। এ বিষয়টি নিয়ে আন্তমন্ত্রণালয়ে একাধিকবার বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ফলে সোনাহাট সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ সাত বছরেও শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
পরিদর্শনকালে জাতীয় সংসদ সদস্য জানান, ভূমি অধিগ্রহণের টাকা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে জমা রয়েছে। এখন জমির মালিকানা নিশ্চিত হলে দ্রুত অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা সম্ভব। এ ব্যাপারে জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়টি দ্রুত সমাধানের অনুরোধ জানিয়ে পত্র পাঠিয়েছেন বলে তিনি জানান।
তিনি বলেন, ইতিমধ্যে মাননীয় যোগাযোগমন্ত্রীসহ সংশ্লিষ্ট অনেকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করেছেন। তিনি দ্রুত বিষয়টি সমাধান করে সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান।
উল্লেখ্য, সেতুটি চালু না হওয়ায় প্রায় দেড়শ বছরের পুরোনো ও মেয়াদোত্তীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থলবন্দরের পাথরবোঝাই ট্রাক, মানুষ ও যাত্রীবাহী যানবাহন।