ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

হোসেনপুরে লেপ-তোশকের অর্ডার বাড়ছে, খুশি ব্যবসায়ীরা

হোসেনপুরে লেপ-তোশকের অর্ডার বাড়ছে, খুশি ব্যবসায়ীরা

দুয়ারে কড়া নাড়ছে শীত। দিনে রোদের খরতাপ থাকলেও গায়ে তেমন গরম লাগছে না। সন্ধ্যায় আবহাওয়া কিছুটা উষ্ণ থাকলেও রাতে হালকা শীতের আমেজ বিরাজ করছে। তাই কাঁথা-কম্বল জড়িয়ে না ঘুমালে চলছেই না। ভোরে ও সন্ধ্যায় গাছ-গাছালিতে পড়ছে কুয়াশার আস্তরণ। ধানের ডগায় শিশিরের পরশ দিয়ে প্রকৃতিতে বিরাজ করছে ঋতুরানি হেমন্ত। তাপমাত্রার পারদ ক্রমেই নিচে নামছে।

পথের পাশের সবুজ গাছপালা, ঝোপঝাড় ও মাঠের দুর্বাঘাসগুলো শিশিরে ভিজে উঠছে। সকালের সোনাঝরা রোদে চিকচিক করে উঠছে সেই শিশিরবিন্দু। শহুরে জীবনের পাশাপাশি গ্রামীণ জনপদেও এখন বিরাজ করছে স্নিগ্ধ শীতের আমেজ।

শীতল আবহাওয়া পুরোদমে উপভোগ করতে শুরু করেছেন শহর ও গ্রামের মানুষ। তাই সবখানেই চলছে শীতের প্রস্তুতি। তবে ঋতু পরিক্রমায় পুরোদমে শীত নামতে এখনও প্রায় এক মাস বাকি।

কিন্তু কিশোরগঞ্জের হোসেনপুরে এখনই শীতের আমেজ অনুভূত হওয়ায় পরিবারের সদস্যদের জন্য বাক্সবন্দি করে রাখা লেপ-কাঁথা ও কম্বলসহ শীতবস্ত্র বের করছেন গৃহিণীরা। অনেকেই পুরোনো লেপ ঠিক করার জন্য বের করছেন। আবার অনেকে নতুন করে লেপ তৈরি করতে দিচ্ছেন। মানুষের পোশাক-পরিচ্ছদে পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা। পৌরসভা ও গ্রামের বিভিন্ন এলাকার অলিগলি ঘুরে ধুনকররা তৈরি করছেন লেপ-তোশক।

উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের হাট-বাজার থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন দোকানে লেপ-তোশক ও বালিশ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। শীতের আগমনের আগেই বিক্রির উদ্দেশ্যে লেপ-তোশক, বালিশসহ শীত নিবারণের বিভিন্ন সামগ্রী মজুত করে রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

জানা যায়, নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই শীত নামতে শুরু করেছে। আগাম শীতের কারণে লেপ-তোশকের বিক্রি বেড়ে যাওয়ায় বেশ খুশি ব্যবসায়ীরা। লেপ-তোশক তৈরির জন্য কোনো কোনো কারিগর অগ্রিম বায়নাও নিচ্ছেন।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাজিপুর বাজার, ভোটের বাজার, নতুন বাজার, রামপুর বাজার, নতুন আশুতিয়া, কাওনা বাজার ও পৌরসভার বিভিন্ন বাজারে লেপ-তোশক তৈরির কারিগরদের ব্যস্ততা আগের তুলনায় অনেক বেড়েছে।

এ সময় হোসেনপুর বাজারের হনুমানতলার সম্রাট বেডিং স্টোরের মালিক সম্রাট জানান, শীতের আগমনের আগেই মানুষ নিজ নিজ পরিবারের সদস্যদের জন্য লেপ, তোশক ও বালিশ সংগ্রহ করতে বিভিন্ন দোকানে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

এদিকে কয়েক দিন ধরে পাখিডাকা ভোরেই তুলা, কাপড় ও ধুনা নিয়ে বেরিয়ে পড়ছেন ধুনকররা। কেউ বাইসাইকেলে, কেউ ব্যাটারিচালিত ভ্যানে আবার কেউ হেঁটে ঘুরছেন পাড়ায় পাড়ায়। সকাল থেকে দুপুর পর্যন্ত একটি বাড়িতে লেপ বা তোশক তৈরি করছেন। আবার পরের দিনের জন্য নিচ্ছেন নতুন অর্ডার। ধুনকরের টুংটাং আওয়াজ আর বাতাসে উড়ে বেড়ানো তুলা জানিয়ে দিচ্ছে শীত আসছে।

এ ছাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে লেপ-তোশক তৈরির দোকানগুলোতেও অতিরিক্ত কারিগর কাজ শুরু করেছেন। পাড়া-মহল্লার পাশাপাশি দোকানগুলোতেও কাজ চলছে পুরোদমে। এখন তাঁদের ব্যস্ততার শেষ নেই।

পৌরসভার পুরোনো ধুনকর মানিক বাবু জানান, এক সপ্তাহ আগেও তেমন কাজকর্ম ছিল না। কিন্তু কয়েক দিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। ভোরে কুয়াশা থাকছে, সন্ধ্যার পর বইছে ঠান্ডা বাতাস। এতেই লেপ তৈরির অর্ডার দেওয়া-নেওয়া শুরু হয়েছে।

বর্তমানে পুরোনো লেপ নতুনভাবে তৈরির অর্ডারই বেশি পাওয়া যাচ্ছে। গার্মেন্টসের তুলা দিয়ে তৈরি লেপও বিক্রি হচ্ছে। যার বিক্রিমূল্য সিঙ্গেল ৯০০ টাকা এবং ডাবল ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ভালো মানের শিমুল তুলা দিয়ে নতুনভাবে একটি সিঙ্গেল লেপ তৈরি করতে খরচ পড়ছে ১ হাজার ৮০০ টাকা। আর ডাবল লেপ তৈরিতে খরচ হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা। এ ছাড়া সিঙ্গেল তোশক ৭০০ টাকা এবং ডাবল তোশক ১ হাজার ৫০০ টাকায় তৈরি করা হচ্ছে।

উপজেলার হনুমানতলার মা দোয়া বেডিংয়ের মালিক শরীফ উদ্দিন চুন্নু মিয়া বলেন, একটি লেপ তৈরি করতে একজন কারিগরের সময় লাগে এক থেকে দুই ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে গড়ে পাঁচ থেকে ছয়টি লেপ তৈরি করতে পারেন। দিনে পাঁচ থেকে ছয়টি তোশক তৈরি করতেও প্রায় একই সময় লাগে। তুলা ও কাপড়ের দাম বাড়ায় গত বছরের তুলনায় এবার লেপ-তোশক তৈরিতে ২০০ থেকে ২৫০ টাকা বেশি খরচ হচ্ছে।

এ ছাড়া কারিগরদের মজুরিও বেড়েছে। সব মিলিয়ে কয়েক দিন ধরে লেপ-তোশক তৈরিতে ব্যস্ততা বেড়েছে বলে জানান তিনি।

উপজেলার পৌর শহরের লেপ-তোশক ব্যবসায়ী আজিজ মিয়া জানান, একটি লেপ বা তোশক তৈরি করতে গত বছরের তুলনায় এবার দুই থেকে তিনশ টাকা বেশি খরচ হচ্ছে।

লেপ-তোশকের ক্রেতা মেছেড়া গ্রামের আলম মিয়া বলেন, আর কয়েক দিন পরেই শীতের প্রকোপ বেড়ে যাবে। লেপ-তোশক তৈরির কাঁচামালের দাম আরও বাড়তে পারে। তাই অগ্রিম টাকা দিয়ে লেপ-তোশক কেনার জন্য বায়না করেছেন তিনি।

খুশি ব্যবসায়ীরা,লেপ-তোশকের অর্ডার,হোসেনপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত