
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী ধরপাড়া বাজার এলাকায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ নেতা আশরাফ আলীকে (৫৮) হত্যার ঘটনায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। হত্যাকাণ্ডের ৫ দিন পর সোমবার রাতে থানায় এ মামলা দায়ের করা হয়।
এনায়েতপুর থানার ওসি মোহায়মিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশরাফ আলী ওই বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তাকে মারধর ও উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তিনি মারা যান।
এ ঘটনায় অবশেষে তার ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দায়ের করা মামলায় স্থানীয় বিএনপির ৯ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ইতোমধ্যে বিশেষ তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি।