
সিলেট মহানগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির দুই ভাই, ছেলে ও টেকনাফ পৌরসভার এক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ভাই আবদুস শুক্কুর ও আবদুল আমিন, ছেলে শাওন আরমান এবং টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হোসেন আহমদ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গ্র্যান্ড প্যালেস হোটেল ও আশপাশের এলাকা ঘিরে অভিযান শুরু করে। রাত পৌনে ১টার দিকে হোটেলে অভিযান চালিয়ে অবস্থানকারীদের পরিচয় যাচাই-বাছাই করা হয়। প্রায় চার থেকে পাঁচ ঘণ্টার অভিযান শেষে ভোর ৫টার দিকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
সিলেট পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘গ্র্যান্ড প্যালেস হোটেলে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির আপন ভাই, একজন তাঁর ছেলে এবং অন্যজন টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন।’
তিনি বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, ‘সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কক্সবাজারের একটি মামলাসহ ঢাকায়ও মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার তথ্য ও গ্রেপ্তারের নির্দেশনার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে।’
ওসি জানান, সিলেট নগরীতে তাদের অবস্থানের তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করা হয়। পরে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে তারা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এমনকি হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নিয়েছিলেন। পরে গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি। তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কক্সবাজার পুলিশের সদস্যরা এসে তাদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করবেন। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আবদুস শুক্কুর সিআইপি টেকনাফ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আবদুল আমিন টেকনাফ পৌর আওয়ামী লীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও টেকনাফ স্থলবন্দর সিএনএফের সভাপতি। হোসেন আহমদ টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর যুবলীগের সহসভাপতি। শাওন আরমান নিষিদ্ধ ঘোষিত ঢাকা উত্তর ছাত্রলীগের সহসভাপতি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মামলার সংখ্যা ও প্রকৃতি এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।