ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

স্মার্ট কৃষির সম্ভাবনা নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার

স্মার্ট কৃষির সম্ভাবনা নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ‘স্মার্ট কৃষিতে তারবিহীন প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উপাচার্য বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে এ প্রযুক্তির ব্যবহার ও সম্ভাবনা বিস্তৃত হচ্ছে। দুই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় পক্ষই উপকৃত হবে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং যৌথ গবেষণার পথ সুগম করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি টেলকম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যোগাযোগ ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।’

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্দোনেশিয়ার টেলকম বিশ্ববিদ্যালয়ের টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. হেনডি ব্রিয়ানতোরো। তিনি তারবিহীন প্রযুক্তি ব্যবহার করে কীভাবে কৃষিকে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

সেমিনারে আরও বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তানজিল হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।

ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আলী আসগরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. মাহবুবুর রহমান। এ সময় বিভাগের পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপক ড. হেনডি ব্রিয়ানতোরোর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

আন্তর্জাতিক সেমিনার,নজরুল বিশ্ববিদ্যালয়,স্মার্ট কৃষি,সম্ভাবনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত