ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ, নিহত ১

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ, নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগরে মারধরে গুরুতর আহত আব্দুল খালেক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত আব্দুল খালেক (৫৫) উপজেলার বাঁকা পূর্বপাড়ার আজের বক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ব্যক্তিগত প্রয়োজনে বাঁকা গ্রাম থেকে পাশের মিনাজপুরে যাচ্ছিলেন খালেক। পথে বাঁকা ইলাপাড়া এলাকায় পৌঁছালে তাকে একা পেয়ে সাবেক স্ত্রীর পরিবারের সদস্যরা মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে কাটা, ফাটা ও থেঁতলে যাওয়ার জখম হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় দুই বছর আগে স্ত্রী পাপিয়া খাতুনের সঙ্গে খালেকের বিবাহবিচ্ছেদ হয়। নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে খালেকের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। ওই মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। এরপর এ বিষয়কে কেন্দ্র করে সাবেক স্ত্রী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর আগেও তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান সেখ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাবেক স্ত্রীর পরিবারের সঙ্গে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তবে হত্যার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

নিহত ১,পিটিয়ে হত্যা,পূর্ববিরোধের জের,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত