ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সাংবাদিক পরিচয়ে মাদক কারবারের অভিযোগ, গ্রেপ্তার স্ত্রী

সাংবাদিক পরিচয়ে মাদক কারবারের অভিযোগ, গ্রেপ্তার স্ত্রী

পাকা সড়কের ধারে পল্লী বিদ্যুতের খুঁটি। তাতে লাগানো রয়েছে দুটি সিসিটিভি ক্যামেরা। এই ক্যামেরা দিয়েই নিয়ন্ত্রণ করা হচ্ছে রমরমা মাদক ব্যবসা। নজরদারি করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানের ওপর। এভাবেই বছরের পর বছর ধরে কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজারে চলছে ইয়াবা, ট্যাপেন্ডাসহ বিভিন্ন প্রকারের মাদকের রমরমা ব্যবসা।

স্থানীয়দের অভিযোগ, যদুবয়রা গ্রামের মৃত উকিল শেখের ছেলে সোহেল রানা (৩২) সাংবাদিক পরিচয়ে বিদ্যুতের খুঁটিতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আর এই মাদক কারবারের কারণে বছরে দুই-তিনবার তাকে কারাগারে যেতে হয়। কিন্তু কারাগার থেকে বেরিয়ে আবারও মাদক ব্যবসা শুরু করেন তিনি। ফলে মাদকের ভয়াল থাবায় ধ্বংস হচ্ছে নানা বয়সী মানুষ। বাড়ছে পারিবারিক অশান্তি।

তাদের ভাষ্য, সোহেল কুষ্টিয়া থেকে প্রকাশিত স্থানীয় একটি দৈনিকের বিশেষ প্রতিনিধি পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। সোহেলের ব্যবহৃত প্রাইভেট কার ও মোটরসাইকেলে ওই পত্রিকার স্টিকার লাগানো রয়েছে। নিজ বাড়িতে খুলেছেন পত্রিকার আঞ্চলিক কার্যালয়।

এদিকে, বৃহস্পতিবার সকালে কথিত সাংবাদিক সোহেল রানার বাড়িতে অভিযান পরিচালনা করে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ সার্কেল)। কিন্তু সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অভিযানের বিষয়টি টের পেয়ে সটকে পড়েন সোহেল রানা। তবে তিনি পালিয়ে গেলেও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁর স্ত্রী স্মৃতি খাতুনকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির প্রায় এক লাখ ৮৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে সোহেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ তথ্য জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সোহেল রানা একসময় কাঠের মিলে শ্রমিকের কাজ করতেন। এরপর মাদক ব্যবসায় জড়িয়ে পড়লে বিজ্ঞ আদালত তাঁকে কারাদণ্ড প্রদান করেন। এরপর ২০১৯ সালে শর্ত সাপেক্ষে সোহেলসহ কুষ্টিয়ার ২২২ জন মাদক ব্যবসায়ীকে সাধারণ ক্ষমা করে তৎকালীন সরকার। কিন্তু সোহেল সেই সুযোগের অপব্যবহার করে সাংবাদিকতায় নাম লেখান। নিজেকে আরও বড় মাদক ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে গড়ে তোলেন বড় নেটওয়ার্ক। সাংবাদিকতার আড়ালে বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসিয়ে নিয়ন্ত্রণ করছেন মাদক ব্যবসা। এতে ধ্বংস হচ্ছে নানা বয়সী মানুষ। সোহেলের বিরুদ্ধে অন্তত আটটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে কুমারখালী থানা পুলিশ।

সরকারের সাধারণ ক্ষমার অপব্যবহার করে এবং সাংবাদিকতার লেবাস পরে সুকৌশলে মাদকের ব্যবসা চালাচ্ছেন সোহেল। সিসিটিভি ক্যামেরার কারণে অভিযান টের পেয়ে তিনি পালিয়ে যান বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন। তিনি বলেন, সোহেলের বিরুদ্ধে অন্তত আটটি মাদক মামলা রয়েছে। স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা পেলে সিসিটিভিসহ মাদক ব্যবসা নির্মূল করা সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রেপ্তার স্ত্রী,মাদক কারবারের অভিযোগ,সাংবাদিক পরিচয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত