ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি কমে যায়। এতে মূল্যবান এই ধাতুর দাম ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৫ নভেম্বর) রাতে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমে ৩ হাজার ৫৪৪ ডলার ৫৪ সেন্টে দাঁড়ায়।

একই সময়ে মার্কি নস্বর্ণের ফিউচারের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৪২ ডলার ৬০ সেন্টে নেমে আসে।

রয়টার্স জানিয়েছে, চলতি বছরের শুরুতে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর থেকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ৩৭ শতাংশ কমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য এবং ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত এখন স্বর্ণের বাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেশটির ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক বা পারসোনাল কনজাম্পশন এক্সপেনডিচারস (পিসিই) প্রকাশের অপেক্ষায় ছিলেন বিনিয়োগকারীরা। মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে এই সূচককে বিশেষ গুরুত্ব দেয় ফেড।

হাই রিজ ফিউচার্সের ধাতুবাজারবিষয়ক পরিচালক ডেভিড মেগার বলেন, ‘যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ ফেডের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি থাকায় ভবিষ্যতে সুদের হার বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এতে স্বর্ণের দামের ওপর আরও চাপ পড়ছে।’

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না। অন্যদিকে সুদভিত্তিক সম্পদে বিনিয়োগ করলে মুনাফা পাওয়া সম্ভব। ফলে সুদের হার বাড়ার প্রত্যাশায় অনেক বিনিয়োগকারী স্বর্ণ থেকে অর্থ সরিয়ে নিচ্ছেন।

এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। বুধবার স্পট রুপার দাম ৫ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৩৮ ডলার ৬৫ সেন্টে নেমে আসে। প্লাটিনামের দাম কমেছে ৪ দশমিক ১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ।

বড় ধস,দামে,স্বর্ণ,বিশ্ববাজারে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত