ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে বাধা, ৪৫ জনের নাম উল্লেখ করে মামলা

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে বাধা, ৪৫ জনের নাম উল্লেখ করে মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের অভিযানে বাধা দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাহজাদপুর পৌর এলাকার নলুয়া মধ্যেপাড়া মহল্লার রাকিব (৪০), সোহেল রানা (২৮), নারায়ণদহ মহল্লার সাইফুল ইসলাম (৩৮) এবং নলুয়া দক্ষিণপাড়া মহল্লার আতিক (৪০)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সাবেক ওই মেয়র ও আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরুকে গ্রেপ্তারে ওই এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। এ সময় এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে পুলিশকে অবরুদ্ধ করে এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করে।

তবে অভিযান চলাকালে সাবেক ওই মেয়র বাসভবনে ছিলেন না। এ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৫ জনের নাম উল্লেখসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

এদিকে স্থানীয়দের দাবি, ঘটনার সময় সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরু তাঁর বাসভবনেই অবস্থান করছিলেন। এ ঘটনা নিয়ে শাহজাদপুরজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

মামলা,নাম উল্লেখ,৪৫ জন,পুলিশের অভিযান,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত