অনলাইন সংস্করণ
১৫:৫৮, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
‘জুলাই জাতীয় সনদ’কে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। এতে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী জানান, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিল–এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফল বাতিলের নির্দেশনা চেয়ে আরেকটি রিট দায়ের করা হয়। জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। ওই রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।
জানা গেছে, বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটটির শুনানি হতে পারে।