ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সৌদিতে দেখা গেছে চাঁদ, রোজা শুরু বুধবার

সৌদিতে দেখা গেছে চাঁদ, রোজা শুরু বুধবার

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে ১৪৪৭ হিজরির সনের পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশ দুটি। খবর গালফ নিউজের।

মঙ্গলবার সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্রের দেখা গেছে। ফলে আজ রাত থেকে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু। সেই অনুযায়ী, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রোজা রাখবেন দেশের নাগরিকরা।

প্রতিবেদন মতে, সৌদি আরবে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সূর্যাস্ত হয় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেশটির পূর্ব প্রদেশের কর্তৃপক্ষ জানান, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা শুরু হয়েছে। চাঁদ দেখা দলগুলো আকাশ পর্যবেক্ষণ করছেন যাতে পবিত্র মাসের শুরু নিশ্চিত করা যায়।

এর আগে সৌদির দুই পবিত্র মসজিদভিত্তিক ‘হারামাইন’ ওয়েবসাইটে বলা হয়েছে, আল-মাজমা'আহ গভর্নরেটে বড় দুই পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে চাঁদ দেখা গেছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্সিয়াল আদালত এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির ফতোয়া কাউন্সিল কর্তৃক জারি করা রমজান মাসের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন হবে।

এদিকে বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, তুরস্ক, অস্ট্রেলিয়ায়, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান এবং উজবেকিস্তানে রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশ শাবান মাসের ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছে।

আবা/এসআর/২৫

সৌদি,রোজা,চাঁদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত