অনলাইন সংস্করণ
১৬:২৬, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মসংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে একটি নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদন গ্রহণ ও শুনানি করবেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এই বেঞ্চে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের সঙ্গে দেখা যায়, ‘২০০১ ইং সনের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ ইং সনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক নির্বাচনী আবেদনপত্র; যে সব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করিবেন।’
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট জারির ৪৫ দিনের মধ্যে নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। পরদিন শুক্রবার ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। পরবর্তীতে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এরমধ্যে ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ এনে পুনর্গণনার আবেদনসহ সব ধরনের আইনি পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট।