
মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রায়হান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে বুধবার রাতে সদর উপজেলার সরকার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
সদর উপজেলার শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই শিপু কুমার দাশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, উপজেলার মনুমুখ ইউনিয়নের আব্দুল মুমিন গত ২৩ জানুয়ারি তার ছেলে জসিম উদ্দিন ও হোসনা আক্তারকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় আসামি করা হয়- উপজেলার মনুমুখ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রায়হান মিয়া (৩৯), মৃত আব্দুল করিমের পুত্র মোস্তাকিম মিয়া (১৯), মোকাদ্দির মিয়া (২১), মৃত আব্দুল হাসিমের পুত্র আহাদ মিয়া (৬০), সিতার মিয়া (৪৫), আব্দুল আহাদের পুত্র বাদশা মিয়া (২৫), শাহজাহান মিয়া (২৩) ও মতিন মিয়ার পুত্র ফাহিম মিয়া (২০)।
গ্রেপ্তারকৃত ওই বিএনপি নেতার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে বলেও জানা যায়।