অনলাইন সংস্করণ
১৭:৪১, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদনের পর চলতি মাসেই দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে---এমন প্রত্যাশায় স্বর্ণের দামে এই পতন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ফেডের পরবর্তী মুদ্রানীতির গতিপথ সম্পর্কে ধারণা পেতে বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৫ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪২১ দশমিক ০৪ ডলারে নেমেছে। ডিসেম্বর সরবরাহের মার্কিন গোল্ড ফিউচারের দামও ০.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬৬ দশমিক ৯০ ডলারে। যুক্তরাষ্ট্রে সরকারি ছুটি থাকায় এদিন বাজারে লেনদেনের পরিমাণ ছিল তুলনামূলক কম।
স্যাক্সো ব্যাংকের পণ্যবিষয়ক কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেন, শুক্রবার প্রকাশিত শক্তিশালী মার্কিন কর্মসংস্থান প্রতিবেদনের পর দেশটির বন্ডের সুদহার বেড়েছে। একই সঙ্গে আগামী ১৬ সেপ্টেম্বর ফেড সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশাও জোরালো হয়েছে। এর প্রভাবে স্বর্ণ ও রুপার দাম কমেছে।
হ্যানসেনের মতে, সোমবারের লেনদেনে স্বর্ণের দাম দুইবার প্রতি আউন্স ৪ হাজার ৪০০ ডলারের নিচে নেমে গেলেও পরে ক্রেতাদের আগ্রহ দেখা গেছে। তার মতে, ৪ হাজার ৩২০ ডলারের কাছাকাছি দাম স্বর্ণের জন্য গুরুত্বপূর্ণ সহায়তার স্তর। অন্যদিকে দাম ৪ হাজার ৫০০ ডলারের ওপরে উঠলে বিক্রির চাপ বাড়তে পারে।
গত সপ্তাহে প্রকাশিত মার্কিন তথ্য অনুযায়ী, আগস্টে দেশটিতে কর্মসংস্থান বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে একই সময়ে বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশে অপরিবর্তিত ছিল।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য বলছে, আগামী সপ্তাহের ফেডের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৫৮ শতাংশ হিসেবে দেখছেন বাজারের ব্যবসায়ীরা। শুক্রবার কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে এ সম্ভাবনা ছিল ৫০ শতাংশ।
এখন বিনিয়োগকারীদের নজর বৃহস্পতিবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচক (পিপিআই) এবং শুক্রবারের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনের দিকে। এসব তথ্য ফেডের ভবিষ্যৎ সুদের হার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে সপ্তাহান্তে জাহাজ চলাচলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। একই সময়ে ইরান জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে উপসাগরীয় এলাকায় একটি নতুন নিয়ন্ত্রিত অঞ্চল এবং হরমুজ প্রণালির মধ্য দিয়ে নতুন একটি নৌপথের মানচিত্র ঘোষণা করা হবে। এতে বিশ্ববাজারে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে কোনো সুদ বা আয় না দেওয়া স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ তুলনামূলকভাবে কমে যায়। ফলে সুদের হার বাড়ার প্রত্যাশা থাকলে স্বর্ণের দামে চাপ তৈরি হতে পারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ফেড সুদের হার কমানোর সিদ্ধান্ত না নিলে—যে দাবি তিনি এর আগেও করেছেন—যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে এমন দেশগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৬ দশমিক ০৬ ডলারে নেমেছে। তবে প্লাটিনামের দাম ০.৩ শতাংশ বেড়ে ১ হাজার ৮২৫ দশমিক ২১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.১ শতাংশ বেড়ে ১ হাজার ৪০১ দশমিক ৮৪ ডলারে উঠেছে। সূত্র: রয়টার্স।
দেশের বাজারে স্বর্ণের দাম--- নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।