ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

দেশের বাজারে বাড়লো সিগারেটের দাম

দেশের বাজারে বাড়লো সিগারেটের দাম

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য (প্রতি ১০ শলাকা) ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য (প্রতি ১০ শলাকা) ৬২ টাকা ও তদূর্ধ্ব এর স্থলে ৬৫ টাকা ও তদূর্ধ্ব পুনঃনির্ধারণ করে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা সংক্রান্ত দু’টি প্রজ্ঞাপন পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

এর ফলে নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য এবং রাজস্ব ঘাটতি হ্রাস পাবে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিসভা কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করে। প্রস্তাবে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ এর আওতায় নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য পরিবর্তনের পাশাপাশি সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের কথা বলা হয়েছে।

আবা/এসআর/২৬

সিগারেট,দাম,বাড়লো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত