ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রি-আর্থ ইন্টারন্যাশনাল আর্ট প্রাইজে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিশ্বজয়

রি-আর্থ ইন্টারন্যাশনাল আর্ট প্রাইজে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিশ্বজয়

আন্তর্জাতিক শিল্পমঞ্চে বড় সাফল্য অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর চলচ্চিত্র ও মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবন। বৈশ্বিক জলবায়ু সচেতনতা বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতা রি-আর্থ ইন্টারন্যাশনাল আর্ট প্রাইজ–২০২৫-এর ফটোগ্রাফি বিভাগে তিনি প্রথম স্থান (১ম স্থান) অর্জন করেন।

শ্রাবনের বিজয়ী ছবির শিরোনাম “Dreams Floating on the River”। একই প্রতিযোগিতায় তার আরেকটি আলোকচিত্র “Sleeping on the Edge of Survival” “জুরি চয়েস অ্যাওয়ার্ড” লাভ করে। পাশাপাশি ফটোগ্রাফি বিভাগে আরও একটি সম্মাননা অর্জন করেন তিনি। এ সাফল্যের জন্য তিনি মোট ১ লাখ ২২ হাজার টাকা পুরস্কার পাবেন।

জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক ভবিষ্যৎ নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাত, নিউজিল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ইতালি, রোমানিয়া, চীন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, তানজানিয়া, কেনিয়া, ফিলিপাইন, তাইওয়ান, রাশিয়া, ব্রাজিল ও সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নেন।

প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করে নিউজিল্যান্ডভিত্তিক এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহভিত্তিক। আয়োজকদের তথ্য অনুযায়ী, ৪ থেকে ২৫ বছর বয়সী অংশগ্রহণকারীরা ফটোগ্রাফি, পেইন্টিং, ড্রয়িং, ডিজিটাল আর্ট ও ইলাস্ট্রেশন এবং এআই জেনারেটিভ আর্ট বিভাগে জলবায়ুকেন্দ্রিক কাজ জমা দিতে পারেন। নির্বাচিত শিল্পকর্ম আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে বৈশ্বিক দর্শকের সামনে উপস্থাপন করা হয়।

পুরস্কারপ্রাপ্ত ছবি ‘Dreams Floating on the River’ সম্পর্কে শ্রাবন বলেন, ‘নদী শুধু একটি ভৌগোলিক উপাদান নয়, এটি আমাদের অস্তিত্বের অংশ। আমার ছবিতে নদীর বুকে ভাসমান স্বপ্ন আসলে মানুষের টিকে থাকার সংগ্রাম ও আশার প্রতীক। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীভাঙন, বাস্তুচ্যুতি ও অনিশ্চয়তা— এসব বাস্তবতাকেই আমি শিল্পের ভাষায় ধরতে চেয়েছি।’

তার আরেকটি ছবি ‘Sleeping on the Edge of Survival’ প্রসঙ্গে তিনি বলেন, “এই ছবিটি প্রান্তিক মানুষের জীবনযাপন ও টিকে থাকার সীমারেখাকে তুলে ধরে। আমরা যারা তুলনামূলক নিরাপদ জায়গায় আছি, তাদের জন্য এটি হয়ত একটি ছবি; কিন্তু কারও কারও জন্য সেটিই নির্মম বাস্তবতা।”

উল্লেখ্য, re-Earth International Art Prize হলো জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই ভবিষ্যৎ বিষয়ক একটি আন্তর্জাতিক শিল্প উদ্যোগ। শিল্পকে মাধ্যম হিসেবে ব্যবহার করে আগামী প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করাই এর মূল লক্ষ্য। নির্বাচিত কাজগুলো আন্তর্জাতিক প্রদর্শনী ও প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী উপস্থাপন করা হয়।

রি-আর্থ ইন্টারন্যাশনাল আর্ট প্রাইজে,নজরুল বিশ্ববিদ্যালয়,শিক্ষার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত