
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রশিবিরের শিক্ষার্থীদের ওপর হামলা করে লাইমলাইটে আসতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
১২ আগস্ট (বুধবার) কুমিল্লা শহরের ফান টাউন পার্কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাদ্দাম বলেন, ‘ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে আমাদের ছাত্রশিবিরের ভাইদের ওপর হামলা করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। কিন্তু আমরা পাল্টা হামলা করিনি। তার মানে এই না যে, আমাদের শক্তি নাই। শক্তি থাকলেই যে তা সব জায়গায় প্রদর্শন করতে হবে, এমন না। ছাত্রশিবির পেশিশক্তি প্রদর্শন করে না। ছাত্রদল মূলত আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়।’
তিনি বলেন, ‘ছাত্রদলের সাথে আমরা মেধার প্রতিযোগিতা করতে চাই। আমরা একটা শিক্ষার্থীবান্ধব কাজ করলে আপনারা বিশটা করেন, আমরা এটাই চাই। কিন্তু তারা তা না করে পড়াশোনা শেষ হয়ে চাচার বয়সি হওয়ার পরেও ক্যাম্পাসে থাকে, হল দখল করতেছে। তাদের ইনটেনশন কী, সেটা সাধারণ শিক্ষার্থীরা বুঝে গেছে।’
তিনি আরও বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল পুনরায় গণরুম-গেস্টরুম চালু করার পাঁয়তারা করতেছে। আমরা এসবের বিরুদ্ধে কথা বলেছি। সাধারণ শিক্ষার্থীরা এসব আর মেনে নিবে না। আমি সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানাই, আপনারা সতর্ক থাকুন। নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে।’