ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

কুবির আইডি কার্ডে কিউআর কোড, স্ক্যান করলে নেই তথ্য

কুবির আইডি কার্ডে কিউআর কোড, স্ক্যান করলে নেই তথ্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের দেওয়া আইডি কার্ডে নেই কার্যকর কোনো ডিজিটাল সেবা। স্মার্ট আইডি কার্ড চালু না থাকায় লাইব্রেরি, পরিবহনসহ বিভিন্ন সেবা নিতে শিক্ষার্থীদের ব্যবহার করতে হচ্ছে আলাদা আলাদা কার্ড। এমনকি আইডি কার্ডের পেছনে থাকা কিউআর কোড স্ক্যান করেও পাওয়া যাচ্ছে না শিক্ষার্থীদের কোনো তথ্য। প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও এনালগ আইডি কার্ড ব্যবস্থায় আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান আইডি কার্ড পর্যবেক্ষণ করে দেখা যায়, কার্ডের সামনের অংশে শিক্ষার্থীর ছবি, নাম, আইডি নম্বর, রোল নম্বর, শিক্ষাবর্ষ, বিভাগের নাম, রক্তের গ্রুপ ও হলের নাম উল্লেখ রয়েছে। আর পেছনের অংশে রয়েছে একটি কিউআর কোড। তবে সেটি স্ক্যান করলে কোনো তথ্য প্রদর্শিত হয় না। ফলে কার্ডে থাকা শিক্ষার্থীর পরিচয় ও তথ্যের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাইয়ের সুযোগও থাকছে না।

এদিকে বর্তমান আইডি কার্ড দিয়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সেবা নেওয়ার সুযোগ নেই। লাইব্রেরি ব্যবহারের জন্য শিক্ষার্থীদের আলাদাভাবে কাগজের তৈরি লাইব্রেরি কার্ড সংগ্রহ করতে হচ্ছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকেও জানানো হয়েছে, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং বাসের সিট দখল ঠেকাতে পরিবহন কার্ড চালু করা হবে।

ফলে একই শিক্ষার্থীর জন্য আইডি কার্ড, লাইব্রেরি কার্ড ও পরিবহন কার্ডসহ বিভিন্ন ধরনের কার্ড ব্যবহারের প্রয়োজন তৈরি হচ্ছে।

শিক্ষার্থীদের ভাষ্য, আধুনিক প্রযুক্তিনির্ভর সময়ে একটি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড শুধু পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হওয়া যথেষ্ট নয়। একটি স্মার্ট কার্ডের মাধ্যমে শিক্ষার্থীর পরিচয় যাচাইয়ের পাশাপাশি লাইব্রেরি, মেডিকেল, পরিবহন ও অনলাইন পেমেন্টসহ বিভিন্ন সেবা নিশ্চিত করা সম্ভব। অথচ কুবিতে এসব সেবার জন্য পৃথক ব্যবস্থা চালু রয়েছে।

আইডি কার্ডের ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান রায়হান বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে যে আইডি কার্ড দেওয়া হয়, তা আমাদের কোনো কাজেই লাগে না। যেসব শিক্ষার্থী বাইরে টিউশনি করেন, তাদের টিউশন পাওয়া ছাড়া এই আইডি কার্ড আর কোনো কাজে আসে না। অথচ এই যুগে একটি কার্ড দিয়েই লাইব্রেরি, মেডিকেল ও অনলাইন পেমেন্টসহ বিভিন্ন সুবিধা পাওয়ার কথা, যা আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখতে পাই।”

তিনি বলেন, বর্তমান আইডি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তর করে একটি কার্ডের মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবা নিশ্চিত করা প্রয়োজন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, “আমরা দায়িত্বে এসেছি কিছুদিন হলো। এ বিষয়টি আমার জানা ছিল না। আপনি বলেছেন, ভালো হয়েছে। শিক্ষার্থীর আইডি কার্ড স্ক্যান করলে তার সব তথ্য আসতে হবে। আমি এ বিষয়ে হল প্রভোস্টসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।”

তিনি আরও বলেন, “এখন লাইব্রেরির জন্য আলাদা কার্ড এবং পরিবহনের জন্যও আলাদা কার্ড দেওয়ার কথা হচ্ছে। এ ছাড়া শিক্ষার্থীদের সেমিস্টার ফি জমা দিতে ভোগান্তির শিকার হতে হয়। এসব সেবা যাতে একটি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা পায়, সে বিষয়টিও দেখব।”

নেই তথ্য,স্ক্যান,কিউআর কোড,কুবির আইডি কার্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত