ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দুই বছর পূর্তিতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বেরোবি উপাচার্য

দুই বছর পূর্তিতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বেরোবি উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তিতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন প্রফেসর ড. মো. শওকাত আলী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার বিকেলে প্রশাসনিক ভবনের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন উপাচার্য। তিনি জানান, দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উন্নয়নের জন্য একাডেমিক মাস্টারপ্ল্যান ও ইঞ্জিনিয়ারিং মাস্টারপ্ল্যান প্রস্তুত করে সিন্ডিকেটের অনুমোদন নেওয়া হয়েছে।

২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শওকাত আলী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের দুই বছরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে এনে একাডেমিক কার্যক্রম সচল করা, সেশনজট নিরসনে পদক্ষেপ, প্রশাসনিক সংস্কার ও ডিজিটালাইজেশন, গবেষণা ও প্রকাশনা কার্যক্রম সম্প্রসারণ, আইকিউএসি’র কার্যক্রম গতিশীল করা এবং আন্তর্জাতিক সেমিনার আয়োজন।

এ ছাড়া শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্যাম্পাস রেডিওর কার্যক্রম পুনরায় চালু, ক্রীড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ এবং ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নেও বিভিন্ন কাজ চলমান রয়েছে। শ্রেণিকক্ষের সংকট মোকাবিলায় দুটি একাডেমিক ভবনের চারতলা থেকে ছয়তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ চলছে। পাশাপাশি উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও অতিথি ভবন নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে।

শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় রংপুর জেলার বিভিন্ন উপজেলায় নতুন বাস সার্ভিস চালু করা হয়েছে। তিনটি আবাসিক হলে আধুনিক রিডিং রুম ও এসি সুবিধা, নারী শিক্ষার্থীদের নামাজের জন্য কেন্দ্রীয় মসজিদে পৃথক ব্যবস্থা, ক্যাফেটেরিয়ার তৃতীয় তলা এবং ২ নম্বর গেটের কৃষ্ণচূড়া সড়কের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে শহীদ আবু সাঈদ গেটের নকশা অনুমোদন ও নির্মাণকাজ শুরু হয়েছে।

মাস্টারপ্ল্যানের আওতায় ১০ তলাবিশিষ্ট দুটি ছাত্র হল, দুটি ছাত্রী হল, ১২ তলাবিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক ভবন, ১৫ তলাবিশিষ্ট একাডেমিক ভবন এবং সাত তলাবিশিষ্ট টিএসসি/অডিটরিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া প্রশাসনিক ভবন ১০ তলা, লাইব্রেরি ভবন পাঁচ তলা এবং কেন্দ্রীয় মসজিদ তিন তলা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন কেন্দ্রীয় মন্দিরসহ আরও বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে।

দুই বছর পূর্তির অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বেরোবি উপাচার্য,ফুলেল শুভেচ্ছা,দুই বছর পূর্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত